লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এনসিপি’র তৃণমূলে শান্তিপূর্ণ বিক্ষোভের নির্দেশনা

প্রকাশিত: 19 ডিসেম্বর 2025

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

জাতীয় নাগরিক পার্টি এনসিপির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশে বিক্ষোভ কর্মসূচির নির্দেশনা দিয়েছেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এক লিখিত বার্তায় তিনি দেশজুড়ে স্থানীয় পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ আয়োজনের আহ্বান জানান।

বার্তায় বলা হয়, শহীদ শরিফ ওসমান হাদীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার নিশ্চিত করা, জুলাই গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের ভারত থেকে দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, আওয়ামী সন্ত্রাসী ও তাদের দোসরদের গ্রেফতার এবং নির্বাচনে অংশগ্রহণে নিষেধাজ্ঞা আরোপ, সংবাদমাধ্যমের ওপর হামলার প্রতিবাদ এবং ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালন করতে হবে।

এনসিপির নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, বিক্ষোভ চলবে শান্তিপূর্ণভাবে এবং কোনোভাবেই বিশৃঙ্খলায় জড়ানো যাবে না। বার্তায় সতর্ক করে বলা হয়, আন্দোলনের মধ্যে হঠকারী ও স্বার্থান্বেষী গোষ্ঠী অনুপ্রবেশ করে স্যাবটাজের চেষ্টা করতে পারে। এ বিষয়ে তৃণমূলের সব স্তরের নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, প্রতিবাদী বক্তব্য থাকবে কিন্তু এমন কোনো কার্যক্রমে জড়ানো যাবে না যাতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে। আন্দোলনকে ব্যবহার করে কোনো তৃতীয় পক্ষ যেন পরিস্থিতির নিয়ন্ত্রণ নিতে না পারে সে দায়িত্ব আন্দোলনকারীদেরই নিতে হবে বলে উল্লেখ করা হয়।

বার্তার শেষাংশে আখতার হোসেন বলেন, আমরা হাদি ভাইয়ের খুনিদের বিচার চাই। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন রাখা আমাদের দায়িত্ব। ইনকিলাব জিন্দাবাদ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman