দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
শহীদ ওসমান হাদির মরদেহ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো দেখার জন্য বিমানবন্দরে জড়ো হন ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, ছাত্রজনতা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
মরদেহ পৌঁছানোর সময় কান্নায় ভেঙে পড়েন ডাকসু সভাপতি সাদেক কায়েম, এনসিপির বাংলাদেশ দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসানাত আব্দুল্লাহ, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ ইনকিলাব মঞ্চের শীর্ষ নেতারা। অনেকের চোখে ছিল অশ্রু, মুখে ছিল ক্ষোভ আর শোক। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
এ সময় উপস্থিত নেতারা শহীদ ওসমান হাদি হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানান। তারা বলেন, এই হত্যাকাণ্ড শুধু একজন ব্যক্তিকে নয়, বরং গণআন্দোলন ও ন্যায়বিচারের চেতনাকেই আঘাত করেছে। পরিকল্পনাকারী ও হুকুমদাতারা দেশ বা বিদেশে যেখানেই থাকুক, তাদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
নেতাকর্মীদের কণ্ঠে বারবার উঠে আসে, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থামবে না। তারা বলেন, শহীদের রক্তের সঙ্গে কোনো আপস হবে না।
বিমানবন্দর থেকে শহীদ ওসমান হাদির মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।
