লোড হচ্ছে...
লোড হচ্ছে...

রাজস্ব লক্ষ্যমাত্রা বাড়ল বাজেটে

প্রকাশিত: 24 ডিসেম্বর 2025

79 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

চলতি অর্থবছরে রাজস্ব আদায়ের গতি আশাব্যঞ্জক হওয়ায় জাতীয় বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা বাড়িয়েছে সরকার। সংশোধিত বাজেট অনুযায়ী রাজস্ব আয়ের লক্ষ্য ২৪ হাজার কোটি টাকা বাড়িয়ে মোট ৫ লাখ ৮৮ হাজার কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সংশোধিত বাজেটের সামগ্রিক আকার ২ হাজার কোটি টাকা কমিয়ে ৭ লাখ ৮৮ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে।

বুধবার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সংশোধিত জাতীয় বাজেট কার্যকর হবে।

প্রেস সচিব আরও জানান, চলতি অর্থবছরের শেষ নাগাদ মূল্যস্ফীতি ৭ শতাংশের ঘরে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৫ শতাংশে পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তার মতে, সাম্প্রতিক মাসগুলোতে রাজস্ব আদায়ের ধারাবাহিক উন্নতি এই লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা রাখছে।

অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, রাজস্ব আহরণ বাড়ার পেছনে কর প্রশাসনের কিছু সংস্কার উদ্যোগ এবং আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্যে আংশিক গতি ফিরে আসার প্রভাব রয়েছে। তবে মূল্যস্ফীতি ও বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে রাজস্ব লক্ষ্যমাত্রা বাস্তবায়নে চ্যালেঞ্জও থেকে যাচ্ছে বলে মনে করছেন তারা।

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সংশোধিত বাজেট বাস্তবায়নের মাধ্যমে আর্থিক শৃঙ্খলা জোরদার করা এবং সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করাই মূল লক্ষ্য।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman