লোড হচ্ছে...
লোড হচ্ছে...

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: 27 ডিসেম্বর 2025

61 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

রাজধানীর বনানীতে অবস্থিত সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ ৫৭ জন সেনা কর্মকর্তার কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে তিনি বনানী সামরিক কবরস্থানে যান। সেখানে শহীদ সেনা কর্মকর্তাদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

এর আগে একই কবরস্থানে তারেক রহমান তার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো এবং শ্বশুর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগের সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলাম, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের বিশেষ কর্মকর্তা মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, অ্যাডভোকেট মেহেদুল ইসলাম মেহেদী এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ্ মুহাম্মদ আমান উল্লাহ।

উল্লেখ্য, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় সংঘটিত ভয়াবহ বিদ্রোহে তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ ৫৭ জন সেনা কর্মকর্তা শহীদ হন। এই ঘটনা দেশের ইতিহাসে অন্যতম মর্মান্তিক অধ্যায় হিসেবে বিবেচিত।

পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের প্রতি শ্রদ্ধা জানাতে তারেক রহমানের এই কবর জিয়ারত রাজনৈতিক অঙ্গনে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman