দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জামায়াতে ইসলামীসহ আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচনী সমঝোতা হয়েছে। একই সমঝোতায় কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়েছে। এতে সমঝোতায় অংশ নেওয়া দলের সংখ্যা দাঁড়াল ১০টি।
রোববার বিকেলে ঢাকার জাতীয় প্রেসক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণ-অভ্যুত্থান–পরবর্তী সময়ে জামায়াতের নেতৃত্বে আটটি দল একসঙ্গে আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে ছিল। আলোচনার ধারাবাহিকতায় এখন সেই জোটে এনসিপি ও এলডিপি যুক্ত হয়েছে। তিনি জানান, পারস্পরিক আলোচনা ও সমঝোতার ভিত্তিতে বিভিন্ন আসনে প্রার্থী নির্ধারণ করা হয়েছে।
ডা. শফিকুর রহমান বলেন, “আমরা আসনভিত্তিক সমঝোতায় পৌঁছেছি। আরও কিছু দল আগ্রহ দেখিয়েছে, তবে এই মুহূর্তে নতুন করে সমঝোতায় যুক্ত করা সম্ভব হচ্ছে না।”
গণ-অভ্যুত্থানের পর জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি এবং জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) আসন সমঝোতার ভিত্তিতে সব আসনে একক প্রার্থী দেওয়ার আলোচনা শুরু করে। পরে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টিও এতে যুক্ত হয়। এসব দল বিভিন্ন দাবিতে অভিন্ন কর্মসূচি নিয়ে দীর্ঘদিন মাঠে সক্রিয় ছিল।
নতুন করে এনসিপি ও এলডিপি যুক্ত হওয়ায় এই নির্বাচনী সমঝোতাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
