লোড হচ্ছে...
লোড হচ্ছে...

দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, বিএনপি কোরআন সুন্নাহর পক্ষে থাকবে: মির্জা ফখরুল

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

দেশ এক সংকটপূর্ণ সময় অতিক্রম করছে এবং এই সুযোগে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী পেছন থেকে সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি সবসময় কোরআন ও সুন্নাহর পক্ষে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের মানব কল্যাণ পরিষদ প্রাঙ্গণে আলেম ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন করার প্রশ্নই ওঠে না। কিছু মানুষ ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে যে বিএনপি ইসলামি মূল্যবোধ মানে না, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি বলেন, “আমরা কোরআন সুন্নাহর পক্ষে ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি বলেন, দেশ এখন ক্রান্তিকাল পার করছে। নির্বাচনকে ঘিরে ষড়যন্ত্র চলছে এবং একটি পক্ষ এটিকে বানচাল করার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে ঐক্য নষ্ট হলে দেশের বড় ক্ষতি হবে বলেও সতর্ক করেন তিনি। সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাকে চিরস্থায়ী করতে নানা আইন পাস করে মানুষের অধিকার হরণ করা হয়েছিল। সে সময় আলেম ওলামাদের জঙ্গি আখ্যা দিয়ে ভয়ভীতি দেখানো হতো এবং নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এখনো দেশি ও আন্তর্জাতিক কিছু পক্ষ নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ষড়যন্ত্র করছে। তবে এসব ষড়যন্ত্র সফল হবে না বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরায় দল আগের চেয়ে আরও শক্তিশালী ও আত্মবিশ্বাসী হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জয়ী হলে আলেম ওলামাসহ সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করা হবে বলে আশ্বাস দেন মির্জা ফখরুল।

সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলার বিভিন্ন আলেম ওলামা ও ধর্মীয় ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। সভায় দেশের রাজনৈতিক পরিস্থিতি, সামাজিক স্থিতিশীলতা এবং ধর্মীয় মূল্যবোধ রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman