দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক |
জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে ২৪ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বিজিবির তৎপরতায় শেষ পর্যন্ত ওই নির্মাণকাজ বন্ধ করতে বাধ্য হয়েছে বিএসএফ।
রোববার (২৮ ডিসেম্বর) সকালে পাঁচবিবি উপজেলার উচনা ঘোনাপাড়া সীমান্ত এলাকায় ২৮১ নম্বর মেইন পিলারের সাব পিলার ৪৭, ৪৮ ও ৪৯ অঞ্চলে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ সদস্যরা। এ ঘটনায় সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা বিষয়টি টের পেয়ে জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধীন কয়া বিওপিকে অবহিত করেন। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিএসএফের কাজে বাধা দিলে তারা নির্মাণকাজ বন্ধ করে দেয়।
এর আগের দিন শনিবার (২৭ ডিসেম্বর) ভোরেও একই এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। ওই ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ পক্ষ থেকে নির্মাণকাজ বন্ধ রাখা এবং ইতোমধ্যে স্থাপিত কাঁটাতার সরিয়ে নেওয়ার আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে বিজিবি এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে প্রতিবাদ জানায়।
জয়পুরহাট ২০ বিজিবির সহকারী পরিচালক ইমরান হোসেন জানান, সীমান্তে বেড়া নির্মাণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজিবির দ্রুত তৎপরতায় কাজ বন্ধ করা সম্ভব হয়েছে। এ বিষয়ে সোমবার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আরেকটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি জানান।
এ ঘটনার পর সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বিজিবি।
