দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বিএনপির সদ্যপ্রয়াত চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিয়ে সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন তাঁর বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকেল তিনটার পর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শুরুর আগে লাখো মানুষের উদ্দেশে তারেক রহমান বলেন, “দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন ওনাকে বেহেশত নসিব করেন।” আবেগভেজা কণ্ঠে তিনি আরও বলেন, খালেদা জিয়া জীবিত অবস্থায় যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে যেন তারা তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তিনি সেই ঋণ পরিশোধের ব্যবস্থা করবেন।

তারেক রহমান জানান, মায়ের কোনো কথা বা ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করছেন। এই বক্তব্যে জানাজা প্রাঙ্গণে নেমে আসে নীরবতা, অনেককে চোখ মুছতে দেখা যায়।
বেলা ৩টা ৩ মিনিটে জানাজা শুরু হয়ে শেষ হয় ৩টা ৫ মিনিটে। জানাজা পড়ান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় তারেক রহমানের পাশে ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশি-বিদেশি অতিথি, রাজনৈতিক নেতা এবং সর্বস্তরের মানুষ।

এর আগে জানাজা কার্যক্রম সঞ্চালনা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাফল্য এবং নিপীড়নের ইতিহাস তুলে ধরে বলেন, দল-মত নির্বিশেষে শ্রদ্ধা ও ভালোবাসা নিয়েই তিনি বিদায় নিয়েছেন।
জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে।
