লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আপোষহীন নেত্রীর বিদায়ে অশ্রুসিক্ত জনসমুদ্রে রূপ নিল রাজধানী

প্রকাশিত: 31 ডিসেম্বর 2025

26 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ বিদায়ে জনসমুদ্রে পরিণত হয়েছে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ সহ আশেপাশের এলাকাগুলো। জানাজায় অংশ নিতে লাখো মানুষের ঢলে শুধু মানিক মিয়া নয়, ফার্মগেট উড়ালসড়ক, মহাখালী, আসাদগেট, ধানমন্ডি ও মোহাম্মদপুর এলাকাও কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে। কোথাও দাঁড়ানোর জায়গা নেই, কোথাও বসার সুযোগও মিলছে না।

বুধবার দুপুরে সরেজমিনে দেখা যায়, মানুষের ঢল উড়ালসড়কের ফার্মগেট লুপ থেকে মহাখালী পর্যন্ত ছড়িয়ে পড়েছে। চোখের পানি আর হৃদয়ের ব্যথা নিয়েই প্রিয় নেত্রীকে এক নজর দেখতে ছুটে এসেছেন মানুষ। অনেকেই রাজনৈতিক পরিচয়ের বাইরে এসে বলছেন, তারা এসেছেন ভালোবাসা আর শ্রদ্ধা থেকে।

বেলা ১১টা ৫০ মিনিটে খালেদা জিয়ার মরদেহ মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হলে পুরো এলাকা নীরব কান্নায় ভারী হয়ে ওঠে। জানাজা শেষে তাঁকে শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়।

দীর্ঘ ৩৭ দিন এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোর ৬টায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে দেশজুড়ে শোকের আবহ নেমে এসেছে। সরকার ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটিও পালন করা হচ্ছে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের এই জনস্রোত অনেকের চোখে শুধু একটি জানাজা নয়, এটি ছিল একজন নেত্রীর সঙ্গে মানুষের গভীর সম্পর্কের নীরব সাক্ষ্য।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman