দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।
কোরআন শরিফে হাত রেখে শপথ নিয়ে ইতিহাস সৃষ্টি করলেন জোহরান মামদানি। বৃহস্পতিবার নিউইয়র্ক সিটির মেয়র হিসেবে শপথ গ্রহণ করেন তিনি। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরটি পেল প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় বংশোদ্ভূত মেয়র। একই সঙ্গে নিউইয়র্কের ইতিহাসে প্রথমবার কোনো মেয়র কোরআনে হাত রেখে শপথ নিলেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শপথ গ্রহণের সময় মামদানি ব্যবহার করেন তাঁর দাদার সংরক্ষিত কোরআন এবং নিউইয়র্ক পাবলিক লাইব্রেরি থেকে ধার নেওয়া প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কোরআন। টাইমস স্কয়ারের নিচে পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে আয়োজিত ব্যক্তিগত শপথ অনুষ্ঠানে এই দুটি কোরআন ব্যবহৃত হয়।
নিউইয়র্ক পাবলিক লাইব্রেরির তথ্যমতে, ঐতিহাসিক কোরআনটি একসময় আফ্রিকান আমেরিকান ইতিহাসবিদ ও লেখক আরতুরো শমবার্গের সংগ্রহে ছিল। ১৯শ শতকে উসমানি সিরিয়া অঞ্চলে মুদ্রিত এই কোরনুল কারীম দৈনন্দিন ব্যবহারের জন্য তৈরি বলে ধারণা করা হয়। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, মামদানির এই সিদ্ধান্ত নিউইয়র্কের বহুত্ববাদ, অন্তর্ভুক্তি ও নাগরিক মূল্যবোধের প্রতীক।
যুক্তরাষ্ট্রে ধর্মগ্রন্থে শপথ নেওয়া বাধ্যতামূলক নয়। অতীতে নিউইয়র্কের অনেক মেয়র বাইবেলে শপথ নিলেও কোরআনে শপথ নেওয়ার ঘটনা এই প্রথম। মামদানির শপথ গ্রহণকে মুসলিম সম্প্রদায়সহ বিভিন্ন অভিবাসী গোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্বীকৃতির একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
