লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নব্বইয়ের ছাত্র ঐক্যের নেতাদের খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা

প্রকাশিত: 02 জানুয়ারী 2026

22 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের নেতারা। শুক্রবার দুপুর ১২টায় শেরে বাংলা নগরে তাঁর কবর জিয়ারত করে ফাতেহা পাঠ ও পুস্পস্তবক অর্পণ করেন তারা।

নব্বইয়ের ডাকসুর ভিপি ও তৎকালীন সর্বদলীয় ছাত্র ঐক্যের আহ্বায়ক আমান উল্লাহ আমানের নেতৃত্বে এই শ্রদ্ধা নিবেদনে অংশ নেন ছাত্র ঐক্যের একাধিক শীর্ষ নেতা। এ সময় উপস্থিত ছিলেন হাবিবুর রহমান হাবিব, জহির উদ্দিন স্বপন, খায়রুল কবির খোকন, নাজিম উদ্দিন আলম, খন্দকার লুৎফর রহমান, নাজমুল হক প্রধান, মীর সরাফত আলী সপুসহ আরও অনেকে।

শ্রদ্ধা নিবেদন শেষে আমান উল্লাহ আমান বলেন, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বেগম খালেদা জিয়ার ভূমিকা ইতিহাসে অবিস্মরণীয়। তাঁর মতে, দীর্ঘ ১৬ বছর শেখ হাসিনার সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দি রাখা হয়েছে এবং ন্যূনতম চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে। এই নির্যাতনের দায় থেকে আওয়ামী লীগ ও শেখ হাসিনা কখনো মুক্তি পাবে না বলেও মন্তব্য করেন তিনি।

আমান উল্লাহ আমান আরও বলেন, খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল প্রমাণ করে তিনি ছিলেন জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তাঁর অবস্থান ছিল আপসহীন, এজন্যই তিনি মানুষের ভালোবাসায় ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।

তিনি তারেক রহমানের প্রসঙ্গ টেনে বলেন, বেগম খালেদা জিয়া বারবার বলেছেন, দেশের বাইরে তাঁর কোনো ঠিকানা নেই। সেই আদর্শের কারণেই তাঁর পরিবারকে কঠিন মূল্য দিতে হয়েছে। তারেক রহমান দীর্ঘদিন নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হলেও দেশে ফিরে জনগণের স্বতঃস্ফূর্ত ভালোবাসায় সিক্ত হয়েছেন।

উল্লেখ্য, গত ২০ ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। পরদিন রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে বিএনপি সাত দিনের শোক পালন করছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman