লোড হচ্ছে...
লোড হচ্ছে...

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান: সালাহউদ্দিন আহমদ

প্রকাশিত: 02 জানুয়ারী 2026

24 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নির্বাচনে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল পৌনে ৪টার দিকে কক্সবাজার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই–বাছাই শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভোটের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের সচেতন ও সক্রিয় থাকতে হবে। একই সঙ্গে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনী মাঠে যেন কোনো দলের জন্য বাড়তি সুবিধা বা অসুবিধা না থাকে, সে বিষয়টি নিশ্চিত করা কমিশনের দায়িত্ব।

তিনি আরও বলেন, ফ্যাসিস্টমুক্ত বাংলাদেশে জনগণের প্রত্যাশা একটাই—শহীদদের রক্তের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে প্রকৃত গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রমে অংশ নিতে একদিনের সফরে কক্সবাজারে যান সালাহউদ্দিন আহমদ। শুক্রবার দুপুর সোয়া ১টায় তিনি ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছান। এরপর নুনিয়ারছড়ার একটি মসজিদে দলীয় নেতাকর্মীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন।

পরে তিনি সম্প্রতি নিউমোনিয়ায় মারা যাওয়া দৈনিক আমার দেশ পত্রিকার কক্সবাজার স্টাফ রিপোর্টার আনসার হোসেনের শিশু ছেলে রিতাজ হোসেনের কবর জিয়ারত করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে সমবেদনা জানান।

মধ্যাহ্নভোজ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে কক্সবাজার-১ আসনের মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে অংশ নেন তিনি। যাচাই–বাছাই শেষে জানা যায়, এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া পাঁচ প্রার্থীর মধ্যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী সরওয়ার আলম কুতুবী ও স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলামের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে।

এতে কক্সবাজার-১ আসনে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পেয়েছে। তাঁরা হলেন বিএনপির সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর কক্সবাজার শহর শাখার আমির আব্দুল্লাহ আল ফারুক এবং গণঅধিকার পরিষদের প্রার্থী আব্দুল কাদের।

মনোনয়নপত্র যাচাই–বাছাই কার্যক্রম শেষে সালাহউদ্দিন আহমদ পেকুয়াস্থ নিজ বাসভবনের উদ্দেশে কক্সবাজার ত্যাগ করেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman