লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ভোরে অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রীকে তুলে নেওয়ার দাবি ট্রাম্পের

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । আন্তর্জাতিক ডেস্ক ।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বড় পরিসরের সামরিক অভিযানের পর দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তাঁর স্ত্রীকে আটক করে যুক্তরাষ্ট্রে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরোকে কীভাবে আটক করা হয়েছে বা তাঁকে ঠিক কোথায় নেওয়া হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিবিসি ও রয়টার্সের খবরে বলা হয়, ভোরের ওই অভিযানের সময় কারাকাসের দুটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এর একটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত লা কারলোটা সামরিক বিমানঘাঁটি এবং অন্যটি ফুয়ের্তে তিউনা ঘাঁটি, যেখানে দীর্ঘদিন ধরে মাদুরোর অবস্থানের কথা জানা যাচ্ছিল। বিস্ফোরণের পর এসব এলাকায় ঘন ধোঁয়া ও আগুন দেখা যায়।

ভেনেজুয়েলা সরকার তাৎক্ষণিকভাবে প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। তবে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো টেলিভিশনে দেওয়া ভাষণে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সরকারের ওপর আস্থা রাখার কথা বলেন। তিনি বেসামরিক ভবনে হামলার অভিযোগও তুলেছেন, যদিও এর পক্ষে কোনো প্রমাণ দেননি।

এদিকে যুক্তরাষ্ট্রের রিপাবলিকান সিনেটর মাইক লি দাবি করেছেন, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলে তিনি নিশ্চিত হয়েছেন যে মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে এবং তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার হবে। ২০২০ সালে মাদক পাচার ও দুর্নীতির অভিযোগে মাদুরোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে মামলা হয় এবং তাঁকে ধরতে তথ্য দিলে পাঁচ কোটি ডলার পুরস্কার ঘোষণাও করা হয়েছিল।

এই অভিযানের তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো একে ভেনেজুয়েলার বিরুদ্ধে সশস্ত্র আগ্রাসন বলে আখ্যা দিয়েছে। ভেনেজুয়েলার ক্ষমতা এখন কার হাতে যাবে, তা নিয়েও দেশটির ভেতরে ও বাইরে ব্যাপক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman