লোড হচ্ছে...
লোড হচ্ছে...

এসিড সন্ত্রাস থেকে মুক্তি: খালেদা জিয়ার ২০০২ আইন যেভাবে বদলে দিল বাংলাদেশ

প্রকাশিত: 03 জানুয়ারী 2026

35 Views

The Civilians News

২০০০ সালের শুরুর দিকে বাংলাদেশে এসিড সন্ত্রাস ছিল এক ভয়াবহ সামাজিক বাস্তবতা। পারিবারিক বিরোধ, প্রত্যাখ্যাত সম্পর্ক বা জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নারীদের ওপর এসিড নিক্ষেপের ঘটনা তখন নিয়মিত শিরোনাম হতো। হাসপাতালে দীর্ঘমেয়াদি চিকিৎসা, স্থায়ী শারীরিক ক্ষতি ও সামাজিক বর্জন, সব মিলিয়ে ভুক্তভোগীদের জীবন বিভীষিকাময় হয়ে পড়ত। রাষ্ট্রের প্রচলিত দণ্ডবিধি এই অপরাধ ঠেকাতে যথেষ্ট ছিল না, এটিই তখনকার বাস্তব অভিজ্ঞতা।

এই প্রেক্ষাপটে ২০০২ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের সময় এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ এবং এসিড অপরাধ দমন আইন, ২০০২ প্রণীত হয়। এটি ছিল শুধু নতুন আইন নয়; বরং একটি নীতিগত মোড় এবং এসিড সন্ত্রাস রোধের যুগান্তকারী সিদ্ধান্ত। প্রথমবারের মতো এসিডের আমদানি, উৎপাদন, পরিবহন ও বিক্রয়কে লাইসেন্স ও নজরদারির আওতায় আনা হয়। জেলা পর্যায়ে কমিটি গঠন করে প্রশাসনিক তদারকি নিশ্চিত করা হয়, যা আগে কার্যত অনুপস্থিত ছিল।

একই সঙ্গে এসিড অপরাধ দমন আইনে দ্রুত বিচার ও কঠোর শাস্তির বিধান রাখা হয়। এসিড নিক্ষেপের জন্য সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের বিধান অপরাধীদের জন্য স্পষ্ট সতর্কবার্তা হয়ে ওঠে। এই আইনের অধীনে বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা করা হয়, যাতে মামলার দীর্ঘসূত্রিতা কমে আসে, এটি তখনকার বিচারব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।

এক নজরে আইনের গুরুত্তপুর্ন অংশ ও ফলাফল অনেকটা এমন, এসিড অপরাধ দমন আইন, ২০০২ এবং এসিড নিয়ন্ত্রণ আইন, ২০০২ :
-এসিডের আমদানি, উৎপাদন, পরিবহন ও বিক্রয়কে লাইসেন্স ও নজরদারির আওতায় আনা হয়।
– জেলা কমিটি গঠন করে তদারকি নিশ্চিত করা হয়।
– কঠোর শাস্তি: মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান।
– দ্রুত বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনালের ব্যবস্থা।

এই আইনের ফলে হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়:
– ২০০২ সালে : প্রায় ৪৯৬টি
– ২০১০ সালে : প্রায় ১০০-১৫৩টি
– ২০১১ সালে : প্রায় ৯১-১০০টি
সাম্প্রতিক বছরগুলোতে: বছরে ২০-৩০টির নিচে

ঘটনাপ্রবাহ বলছে, আইন কার্যকর হওয়ার পরপরই এসিড হামলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমতে শুরু করে। একই সময়ে সরকার ও বেসরকারি উদ্যোগে ভুক্তভোগীদের চিকিৎসা ও পুনর্বাসনে সমন্বয় বাড়ে। এসিড আক্রান্তদের আইনি সহায়তা ও চিকিৎসার অধিকার রাষ্ট্র স্বীকার করে নেওয়ায় ভুক্তভোগীরা নীরবতা ভেঙে অভিযোগ করতে উৎসাহ পায়।

রাজনৈতিকভাবে এটিও একটি গুরুত্বপূর্ণ বার্তা ছিল। নারী নির্যাতনের মতো সামাজিক অপরাধে আপস নয়, বরং কঠোর আইনই যে কার্যকর হতে পারে তা ২০০২ সালের এই উদ্যোগ প্রমাণ করে। বেগম খালেদা জিয়ার শাসনামলে নেওয়া এই সিদ্ধান্ত আজও এসিড সন্ত্রাস প্রতিরোধে একটি মাইলফলক হিসেবে বিবেচিত।

আজ যখন নারী নিরাপত্তা নিয়ে নতুন চ্যালেঞ্জ সামনে আসছে, তখন ২০০২ সালের এই অভিজ্ঞতা মনে করিয়ে দেয়, সঠিক সময়ে সঠিক আইন এবং কার্যকর প্রয়োগ সমাজে বাস্তব পরিবর্তন আনতে পারে।

লেখক –
মোঃ আকতার হোসেন (রুমী)
আইনজীবী, শ্রম আইন বিষয়ক।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman