দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।
বাংলাদেশের সমুদ্রসীমায় অবৈধ মানবপাচার রোধে বড় ধরনের অভিযান চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনী। বঙ্গোপসাগরের সেন্টমার্টিন দ্বীপসংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে বিদেশে যাওয়ার চেষ্টা করা ২৭৩ জনকে আটক করা হয়েছে। একই সঙ্গে একটি কাঠের বোটও জব্দ করা হয়।
নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শনিবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা স্বাধীনতা’ এই অভিযান পরিচালনা করে। সেন্টমার্টিন দ্বীপ থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে একটি কাঠের বোটের সন্দেহজনক গতিবিধি নজরে আসে। নৌবাহিনীর পক্ষ থেকে থামার সংকেত দেওয়া হলেও বোটটি পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে সেটিকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দালালচক্রের মাধ্যমে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সমুদ্রপথে যাত্রা করেছিল। অভিযানের সময় বোটে কোনো ধরনের ন্যূনতম জীবনরক্ষাকারী সরঞ্জাম, পর্যাপ্ত খাবার বা নিরাপত্তা ব্যবস্থা ছিল না। ফলে যাত্রা অব্যাহত থাকলে বড় ধরনের মানবিক বিপর্যয়ের আশঙ্কা ছিল বলে জানিয়েছে নৌবাহিনী।
নৌবাহিনীর তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের ফলে সম্ভাব্য এই দুর্ঘটনা ও মানবপাচার কার্যক্রম প্রতিহত করা সম্ভব হয়েছে। আটক বোট ও ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, দেশের জলসীমার নিরাপত্তা নিশ্চিত করা, মানবপাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
