দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।
দেশের বিভিন্ন অঞ্চলে আবারও শৈত্যপ্রবাহের প্রভাব বাড়তে পারে। সোমবার ৫ জানুয়ারি রংপুর, রাজশাহীসহ কয়েকটি বিভাগে সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
রোববার দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি জানান, শনিবার সন্ধ্যার পর উত্তর পশ্চিম ভারত থেকে আগত কুয়াশার বলয় রংপুর ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় প্রবেশ করেছে। এর ফলে রোববার সন্ধ্যার পর থেকে সারাদেশে কুয়াশার মাত্রা ব্যাপকভাবে বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
পলাশের মতে, সোমবার সকাল থেকে রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সকাল ৬টার দিকে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, রোববার বিকেল সাড়ে ৩টায় ইউরোপীয় ইউনিয়নের কৃত্রিম ভূ উপগ্রহ থেকে পাওয়া চিত্র বিশ্লেষণে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের ওপর কুয়াশার স্পষ্ট উপস্থিতি দেখা গেছে। সন্ধ্যার পর এসব বিভাগের জেলাগুলো ঘন থেকে খুব ঘন কুয়াশার চাদরে ঢেকে যেতে পারে। অন্য তিনটি বিভাগের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।
এদিকে সোমবার সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অধিকাংশ জেলায় দুপুর ২টার আগে সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম বলে জানান তিনি। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতেও সকাল ১০টার আগে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।
