দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কালো টাকা, ঋণখেলাপি ব্যবসায়ী ও অর্থনির্ভর নির্বাচনী রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে নির্বাচনী তহবিল সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ বলেছেন, জনগণের ছোট ছোট অনুদানই হবে তাদের নির্বাচনের প্রধান শক্তি, যাতে নির্বাচিত প্রতিনিধিরা কেবল জনগণের কাছেই দায়বদ্ধ থাকেন।
সোমবার ১৯ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আসিফ মাহমুদ বলেন, প্রার্থীদের নির্বাচনী ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই কেন্দ্রীয়ভাবে ক্রাউড ফান্ডিংয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। দাতারা চাইলে সরাসরি দলকে বা নির্দিষ্ট কোনো প্রার্থীকে অনুদান দিতে পারবেন। তহবিলে আসা অর্থ ও ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রতি বছর অডিটের মাধ্যমে যাচাই করে জনসম্মুখে প্রকাশ করা হবে।
তিনি বলেন, অন্য রাজনৈতিক দলগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি নিজেদের ক্ষেত্রেও একই মানদণ্ড বজায় রাখাকে দলটি নৈতিক দায়িত্ব হিসেবে দেখছে। জাতীয় নাগরিক পার্টির কোনো প্রার্থীই হাজার কোটি বা শত কোটি টাকার ঋণখেলাপি নন, কারও বিদেশি নাগরিকত্ব বা বিদেশে সম্পদের তথ্য নেই বলেও দাবি করেন তিনি।
দলের প্রার্থীদের আর্থসামাজিক বাস্তবতা তুলে ধরে আসিফ মাহমুদ বলেন, অধিকাংশ প্রার্থী জুলাই অভ্যুত্থানের পর চাকরি বা পড়াশোনা শেষে রাজনীতিতে এসেছেন। তারা কেউই আগে থেকে ধনকুবের নন। ফলে জনগণের সমর্থনই তাদের একমাত্র ভরসা।
তিনি আরও বলেন, ব্যবসায়ী বা ঋণখেলাপিদের অর্থে নির্বাচিত হলে সংসদে গিয়ে সেই অর্থদাতাদের স্বার্থ রক্ষার ঝুঁকি থাকে। জাতীয় নাগরিক পার্টি সেই রাজনীতির বাইরে থাকতে চায়। জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, যাদের উপযুক্ত মনে করবেন, তাদের পাশে দাঁড়িয়ে অনুদানের মাধ্যমে এই নতুন রাজনীতিকে শক্তিশালী করুন।
