দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য স্থায়ী আবাসনের আশ্বাস দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে কড়াইলের কাঁচা ঘর ভেঙে সেখানে পাকা দালান নির্মাণ করা হবে এবং বস্তিবাসীদের নামে রেজিস্ট্রি করে ছোট ফ্ল্যাট দেওয়া হবে।
মঙ্গলবার বিকেলে রাজধানীর মহাখালীর টিঅ্যান্ডটি মাঠে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারেক রহমান। দোয়া মাহফিলটি আয়োজন করা হয় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায়।

তারেক রহমান বলেন, কড়াইলের মানুষ দীর্ঘদিন ধরে চরম কষ্টে বসবাস করছে। এই কষ্ট লাঘব করাই তাদের লক্ষ্য। তিনি বলেন, এখানে উঁচু ভবন নির্মাণ করে ফ্ল্যাট করা হবে এবং সেগুলো বস্তিবাসীদের মালিকানায় দেওয়া হবে, যাতে তারা নিরাপদ ও সম্মানজনক জীবনযাপন করতে পারে।
তিনি আরও জানান, শুধু আবাসন নয়, কড়াইল এলাকায় শিক্ষা ও স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। শিশুদের জন্য মানসম্মত স্কুল, খেলাধুলার মাঠ এবং এলাকাভিত্তিক ক্লিনিক ও হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। তার ভাষায়, চিকিৎসার জন্য যেন কাউকে দূরে যেতে না হয়, সেটাই তাদের লক্ষ্য।

তারেক রহমান বলেন, কড়াইলবাসীর কাছ থেকে জোরপূর্বক বিদ্যুৎ ও পানির বিল আদায় বন্ধ করা হবে। সরকারি নিয়ম অনুযায়ী মিটারে যা আসবে, শুধু সেটুকুই দিতে হবে। তিনি আশ্বাস দেন, বস্তিবাসীদের ওপর কোনো ধরনের নির্যাতন বা হয়রানি হলে ভবিষ্যতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
দোয়া মাহফিলে তারেক রহমানের সঙ্গে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা-১৭ আসনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুস সালাম।
উল্লেখ্য, প্রায় ৯৩ একর সরকারি জমির ওপর গড়ে ওঠা কড়াইল বস্তিতে বর্তমানে প্রায় ৪০ হাজার ঘরে নিম্ন আয়ের মানুষ বসবাস করছেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকেই প্রার্থী হয়েছেন তারেক রহমান।
