লোড হচ্ছে...
লোড হচ্ছে...

গণভোটে ‘হ্যাঁ’ জিতলে সংবিধানে যে পরিবর্তন আসবে

প্রকাশিত: 26 জানুয়ারী 2026

29 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে গণভোট। এই গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়ী হলে বাংলাদেশের সংবিধান ও রাষ্ট্রব্যবস্থায় বড় ধরনের সংস্কার কার্যকর হবে। সরকার ও সংস্কার কমিশনের প্রস্তাব অনুযায়ী, মোট ৮৪টি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের বাধ্যবাধকতা তৈরি হবে, যার মধ্যে ৪৭টি সাংবিধানিক এবং ৩৭টি আইন ও নির্বাহী আদেশের মাধ্যমে কার্যকর করার কথা রয়েছে।

গণভোটে হ্যাঁ জয়ী হলে নাগরিক পরিচয় ‘বাঙালি’ থেকে পরিবর্তিত হয়ে হবে ‘বাংলাদেশি’। রাষ্ট্রভাষা বাংলা থাকলেও অন্যান্য মাতৃভাষার সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে। সংবিধানের মূলনীতি হিসেবে যুক্ত হবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার, ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি। পাশাপাশি মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হবে নিরবচ্ছিন্ন ইন্টারনেট ও ব্যক্তিগত তথ্য সুরক্ষার অধিকার।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্যেও পরিবর্তন আসবে। একজন ব্যক্তি সর্বোচ্চ দুই মেয়াদ বা ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। জরুরি অবস্থা জারিতে মন্ত্রিসভার অনুমোদন বাধ্যতামূলক হবে এবং সে সময় মৌলিক অধিকার খর্ব করা যাবে না। রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে এবং কিছু সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগে রাষ্ট্রপতির স্বাধীন ভূমিকা বাড়বে।

সংসদীয় ব্যবস্থায় বড় পরিবর্তনের মধ্যে রয়েছে দ্বিকক্ষবিশিষ্ট সংসদ প্রবর্তন, উচ্চকক্ষে ১০০ সদস্য মনোনয়ন এবং নারীদের সংরক্ষিত আসন ধাপে ধাপে ১০০তে উন্নীত করার প্রস্তাব। ডেপুটি স্পিকার হবেন বিরোধী দল থেকে এবং বাজেট ও আস্থা বিল ছাড়া অন্য বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন।

আইন ও বিচার বিভাগেও সংস্কার আসবে। প্রধান বিচারপতি নিয়োগ হবে আপিল বিভাগ থেকে এবং বিচার বিভাগকে পূর্ণ স্বাধীনতার সাংবিধানিক নিশ্চয়তা দেওয়া হবে। ন্যায়পাল নিয়োগসহ বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানে বিরোধী দলের অংশগ্রহণ নিশ্চিত করার প্রস্তাবও রয়েছে।

সরকার জানিয়েছে, গণভোটে হ্যাঁ জয়ী হলে আগামী সংসদকে নির্ধারিত সময়ের মধ্যেই এসব সংস্কার বাস্তবায়ন করতে হবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman