লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বিশ্বকাপ শুরু, ফিল্ডিংয়ে পাকিস্তান

প্রকাশিত: 07 ফেব্রুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পাকিস্তান ও নেদারল্যান্ডসের ম্যাচ দিয়ে কলম্বোয় শুরু হলো টি টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। উদ্বোধনী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা।

শনিবার ৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায় ‘এ’ গ্রুপের এই ম্যাচটি শুরু হয়। টসের পর সালমান আলি আগা বলেন, উইকেটটি একেবারে নতুন এবং বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তাই আর্দ্রতার সুবিধা কাজে লাগাতে বোলিং দিয়েই ম্যাচ শুরু করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তিনি জানান, শ্রীলঙ্কায় এবার উইকেটে ঘাস তুলনামূলক বেশি দেখা যাচ্ছে, তাই তিনজন পেসার ও অলরাউন্ডার নিয়ে একাদশ সাজিয়েছে পাকিস্তান।

নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস টস হারলেও ব্যাটিং নিয়ে আত্মবিশ্বাসী ছিলেন। তিনি বলেন, উইকেট দেখতে ভালো এবং আগে বোলিং করাই তাদের পছন্দ ছিল। তবে ব্যাটিং করতেও তারা প্রস্তুত। দেড় মাস ধরে ভারত ও শ্রীলঙ্কায় অনুশীলন করায় কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না বলেও জানান তিনি।

টি টোয়েন্টি ফরম্যাটে এখন পর্যন্ত পাকিস্তান ও নেদারল্যান্ডসের দেখা হয়েছে দুবার। দুই ম্যাচেই জয় পেয়েছে পাকিস্তান। সেই ধারাবাহিকতা ধরে রেখে বিশ্বকাপ অভিযান শুরু করতে চায় দুইবারের চ্যাম্পিয়নরা।

নেদারল্যান্ডস একাদশ:
মাইকেল লেভিট, ম্যাক্স ও’দাউদ, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটকিপার), জ্যাক লায়ন ক্যাশেট, লোগান ভ্যান বিক, রোলফ ভ্যান ডার মার্ভে, আরিয়ান দত্ত, কাইল ক্লাইন ও পল ভ্যান মিকেরেন।

পাকিস্তান একাদশ:
সাইম আইয়ুব, সাহিবজাদা ফারহান, সালমান আলি আগা (অধিনায়ক), বাবর আজম, উসমান খান (উইকেটকিপার), শাদাব খান, মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, সালমান মির্জা ও আবরার আহমেদ।

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে দুই দলের পারফরম্যান্স ঘিরে দর্শকদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman