লোড হচ্ছে...
লোড হচ্ছে...

আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ, নাটোরে পুতুল

প্রকাশিত: 08 ফেব্রুয়ারী 2026

31 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

নাটোরের বাগাতিপাড়ায় বিএনপির নির্বাচনী জনসভায় ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেছেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ। তিনি বলেন, এই বাংলাদেশ হবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গড়ে ওঠা একটি পরিবর্তিত বাংলাদেশ।

শনিবার বিকেলে বাগাতিপাড়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত জনসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন, ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশ নানা রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে গেছে। ২০২৬ সালের পর দেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করবে। তিনি দাবি করেন, এই পরিবর্তনের প্রতীক তারেক রহমান এবং সারাদেশের পরিবর্তনের অংশ হিসেবেই ধানের শীষ প্রতীক জনগণের হাতে তুলে দেওয়া হয়েছে।

লালপুর ও বাগাতিপাড়া এলাকার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, নারীদের অর্থনৈতিক ক্ষমতায়ন বিএনপির অন্যতম অগ্রাধিকার। নারীদের জন্য আলাদা শিল্পকারখানা স্থাপন করা হবে, যেখানে শুধু মা বোনেরা কাজ করার সুযোগ পাবেন। এতে পরিবার ও সমাজের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জনসভায় সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক মেয়র মোহাম্মদ মোশারফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহীন খালেক।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ আসাদুজ্জামান। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবলু চৌধুরী ও মিজানুর রহমান ডিউকসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা।

সভায় বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও এলাকার উন্নয়নে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। জনসভায় উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman