দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহানকে নিয়োগ দিয়েছে সরকার। সোমবার ৯ ফেব্রুয়ারি স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা ১ অনুযায়ী পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত সুরাইয়া আখতার জাহান ডিএনসিসির প্রশাসকের দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি অধ্যাদেশের ধারা ২৫ক এর উপধারা ৩ অনুযায়ী ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, অতিরিক্ত দায়িত্ব হিসেবে এই দায়িত্ব পালন করবেন সুরাইয়া আখতার জাহান। বিধি অনুযায়ী তিনি দায়িত্ব ভাতা পাবেন, তবে এর বাইরে অন্য কোনো আর্থিক বা অতিরিক্ত সুযোগ সুবিধা প্রাপ্য হবেন না।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি মোহাম্মদ এজাজ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পান। তাকে এক বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। সেই মেয়াদ শেষ হওয়ায় তার দায়িত্ব আর বাড়ানো হয়নি। ফলে নতুন করে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেয় সরকার।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশন রাজধানীর একটি গুরুত্বপূর্ণ সেবা সংস্থা। নগর ব্যবস্থাপনা, নাগরিক সেবা, অবকাঠামো উন্নয়ন ও দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রমে ডিএনসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন প্রশাসকের নেতৃত্বে নগর সেবা কার্যক্রম কীভাবে পরিচালিত হয়, সেদিকে নজর থাকবে নগরবাসীর।
