দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় অর্জন করায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন জোনাস গাহর স্টোর (Jonas Gahr Støre)।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নরওয়ের প্রধানমন্ত্রী এ অভিনন্দন জানান। পোস্টে তিনি লেখেন, ঐতিহাসিক নির্বাচনে বিজয়ের জন্য তারেক রহমানকে অভিনন্দন। আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার করার পাশাপাশি দুই দেশের শক্তিশালী দ্বিপাক্ষিক সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
নির্বাচনের ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফলাফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিকরা পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে আরও নয়টি আসন।
বিশ্লেষকদের মতে, নরওয়ের প্রধানমন্ত্রীর এই বার্তা নতুন সরকারের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর সম্পর্ক জোরদারের ইঙ্গিত বহন করে। জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা ও মানবাধিকার ইস্যুতে বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে।
