দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, কেউ চাঁদা তুলতে এলে তাকে খুঁটির সঙ্গে বেঁধে রেখে পুলিশে খবর দিতে হবে। দেবিদ্বারে কোনো চাঁদাবাজের ঠাঁই হবে না।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণের পর রাতে কুমিল্লার দেবিদ্বারে ক্ষুদ্র ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, নির্ধারিত এলাকার বাইরে কেউ চাঁদা তুলতে এলে তাকে আটকে রেখে পুলিশে সোপর্দ করতে হবে। পাশাপাশি যারা চাঁদাবাজদের আশ্রয়-প্রশ্রয় দেবে, তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সহায়তা নেওয়া হবে।
তিনি আরও জানান, কাঁচাবাজারের ইজারা নির্দিষ্ট সীমানার মধ্যেই কার্যকর থাকবে। ওই সীমানার বাইরে চাঁদা তোলা হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে এক ইজারাদারকে মোবাইল ফোনে সতর্কও করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও পুনর্ব্যক্ত করেন এই সংসদ সদস্য।
