দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুএর বর্তমান অবস্থা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তাদের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তবে এ বিষয়ে ইসরাইল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।
ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়, আইআরজিসির জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের দশম দফার হামলায় ‘খায়বার’ নামের উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। হামলার লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং বিমান বাহিনীর কমান্ডারের বাসভবন।
বিবৃতিতে দাবি করা হয়, নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পর থেকে নেতানিয়াহুর অবস্থান বা শারীরিক অবস্থা সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য প্রকাশ না হওয়ায় পরিস্থিতি নিয়ে জল্পনা বাড়ছে, গুঞ্জন উঠেছে নেতানিয়াহু মারা গেছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এমন তথ্যযুদ্ধের পরিবেশে উভয় পক্ষই কৌশলগত কারণে তথ্য গোপন রাখতে পারে।
গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ সামরিক অভিযানের পর পাল্টা প্রতিক্রিয়া হিসেবে তেহরান ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। সোমবার পর্যন্ত অন্তত দশ দফা হামলার দাবি করেছে ইরান, যার লক্ষ্য ছিল ইসরাইলের ভেতরের সামরিক স্থাপনা এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি।
তবে স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সংঘাত দ্রুত বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্য অঞ্চল আরও বড় সামরিক উত্তেজনার মুখে পড়তে পারে।
