দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও যুক্তরাষ্ট্র ইসরাইল ও ইরান সংঘাতের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে চীন। বুধবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গো জিয়াকুন বলেন, পরিস্থিতির ক্রমবর্ধমান অবনতি নিয়ে চীন গভীর উদ্বেগে রয়েছে এবং সামরিক অভিযান বন্ধ করে রাজনৈতিক সমাধানের পথে ফিরে যাওয়াই এখন জরুরি।
তিনি জানান, সংঘাত শুরুর প্রথম দিন থেকেই চীন যুদ্ধবিরতি ও কূটনৈতিক আলোচনার পক্ষে অবস্থান নিয়েছে। বেইজিং বিশ্বাস করে, সামরিক সমাধান নয় বরং সংলাপই আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে পারে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাম্প্রতিক দিনগুলোতে কুয়েত, বাহরাইন, পাকিস্তান ও কাতারের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এসব আলোচনায় ইরান পরিস্থিতি নিয়ে মতবিনিময় এবং উত্তেজনা কমানোর উপায় নিয়ে আলোচনা হয়েছে বলে জানানো হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যবিষয়ক চীনা বিশেষ দূত বর্তমানে অঞ্চলজুড়ে ‘শাটল কূটনীতি’ চালিয়ে যাচ্ছেন।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে বলেও জানান গো জিয়াকুন। তিনি বলেন, ন্যায়বিচার ও ভারসাম্যপূর্ণ অবস্থান বজায় রেখে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে যোগাযোগ জোরদার করবে বেইজিং।
এদিকে দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কিছু অংশ মধ্যপ্রাচ্যে সরানোর সম্ভাব্য পরিকল্পনা নিয়ে প্রশ্নের জবাবে চীন পুনরায় এ ব্যবস্থার মোতায়েনের বিরোধিতা করেছে।
বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনীতি ও জ্বালানি বাজারে চাপ আরও বাড়তে পারে, তাই বড় শক্তিগুলোর কূটনৈতিক উদ্যোগ এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
সূত্র: সিজিটিএন
