দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
সরকারি কার্যক্রম ও নিয়োগে তদবির সংস্কৃতি পরিহার করে মেধাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনিস্টিটিউশন বাংলাদেশ অডিটোরিয়াম এ অনুষ্ঠিত ঠাকুরগাঁও জেলা সমিতির ইফতার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, দেশের তরুণদের শুধু চাকরির পেছনে ঘুরলে চলবে না; আত্মকর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার মানসিকতা গড়ে তুলতে হবে। তিনি জানান, ছোট ছোট উদ্যোগ, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করা সম্ভব।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন ধরনের তদবিরের চাপ আসে, যার বেশিরভাগই পোস্টিং ও ব্যক্তিগত সুবিধা সংক্রান্ত। প্রয়োজনীয় প্রশাসনিক কাজ থাকলেও সেগুলোকেই প্রধান অগ্রাধিকার দিলে রাষ্ট্র পরিচালনায় সমস্যা তৈরি হয় বলে তিনি উল্লেখ করেন।
ঠাকুরগাঁও জেলার উন্নয়নে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, চার লেন সড়ক নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করেন তিনি। পাশাপাশি স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে সরকারের পরিকল্পনার কথা তুলে ধরেন।
সমিতির নামে বিভাজন সৃষ্টি না করে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, উন্নয়ন কার্যক্রম সফল করতে রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা সমিতির সদস্যসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
