দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনীর কমান্ডার আলিরেজা তাংসিরি ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য দেয়নি তেহরান।
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বৃহস্পতিবার এক ভিডিও বিবৃতিতে জানান, বুধবার রাতে পরিচালিত ‘নির্ভুল সামরিক অভিযানে’ তাংসিরিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। তাঁর দাবি, এই অভিযানে আইআরজিসির নৌ কমান্ডের আরও কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তাও লক্ষ্যবস্তুতে পরিণত হন।
ইসরায়েলি পক্ষের ভাষ্য অনুযায়ী, তাংসিরি হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বাধাগ্রস্ত করা এবং মাইন পেতে নৌপথ নিয়ন্ত্রণের পরিকল্পনার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন। তবে ইরান এখনো তাঁর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। তেহরান থেকে আল জাজিরার প্রতিবেদক জানান, খবরটি সত্য হলে এটি ইরানের সামরিক নেতৃত্বের জন্য বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে।
গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতের পর থেকে একাধিক উচ্চপদস্থ ইরানি কর্মকর্তা হত্যার দাবি করেছে ইসরায়েল। এর আগে বাসিজ বাহিনীর প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলামরেজা সোলেইমানি এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খাতিব নিহত হওয়ার খবরও প্রকাশিত হয়।
সংঘাতের মানবিক মূল্যও দ্রুত বাড়ছে। ইরানের উপস্বাস্থ্যমন্ত্রী আলী জাফারিয়ানের তথ্য অনুযায়ী, প্রায় এক মাসে অন্তত ১,৯৩৭ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৪৫২ জন নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ২৪,৮০০ মানুষ, যার মধ্যে হাজারো নারী ও শিশু রয়েছে।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সামরিক উত্তেজনা এখন আঞ্চলিক সংঘাতকে বৈশ্বিক জ্বালানি নিরাপত্তা সংকটে রূপ দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলায় ইরানের নৌসম্পদ ও সামরিক অবকাঠামোও লক্ষ্যবস্তু হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।
সূত্র: আল জাজিরা
