দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরানের আকাশসীমায় নিখোঁজ মার্কিন ক্রু উদ্ধারের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির দক্ষিণাঞ্চলীয় ইসফাহান প্রদেশে একটি সি ১৩০ পরিবহন বিমান ও দুটি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করা হয়েছে বলে জানিয়েছে তেহরান।
ইরানের সামরিক বাহিনীর অধীন ‘খাতাম আল আম্বিয়া’ সদর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, নিখোঁজ ক্রু উদ্ধারে পরিচালিত “শত্রুপক্ষের বেপরোয়া ও শত্রুতামূলক অভিযানের” সময় আকাশ প্রতিরক্ষা ইউনিট হামলা চালিয়ে এসব বিমান ধ্বংস করে। ঘটনাটিকে সামরিক সাফল্য হিসেবে তুলে ধরছে ইরান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ছবি প্রকাশ করেন, যেখানে ভূপাতিত বিমান সংক্রান্ত দৃশ্য দেখা যায় বলে দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনেও সংশ্লিষ্ট ফুটেজ প্রচার করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য হলে তা মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে গুরুত্বপূর্ণ বার্তা বহন করতে পারে। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র দাবি করে আসছিল যে ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সীমিত। তবে ধারাবাহিকভাবে মার্কিন বিমান লক্ষ্যবস্তু করার দাবি তুলে তেহরান সেই ধারণাকে চ্যালেঞ্জ করছে।
এদিকে ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র ও ইসরাইল সংশ্লিষ্ট হামলার পর অঞ্চলজুড়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, প্রয়োজন হলে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে আরও বড় হামলা চালানো হতে পারে।
আন্তর্জাতিক পর্যবেক্ষকরা আশঙ্কা করছেন, পাল্টাপাল্টি সামরিক অবস্থান মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের ঝুঁকি বাড়াতে পারে।
সূত্র: Al Jazeera, Tasnim News Agency
