দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ইরানকে ঘিরে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্ক বার্তায়। ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতির শর্ত মেনে না নিলে ইরানে “একটি সম্পূর্ণ সভ্যতার মৃত্যু” ঘটতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, “আজ রাতেই একটি সভ্যতা মারা যেতে পারে, যা আর কখনো ফিরে আসবে না। আমি তা চাই না, কিন্তু সম্ভবত সেটাই ঘটতে চলেছে।” পোস্টের শেষে তিনি যোগ করেন, “কে জানে কী হয়?”
প্রতিবেদনে বলা হয়, ইরানকে দেওয়া নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার কয়েক ঘণ্টা আগে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। যদিও আল্টিমেটাম শেষ হলে যুক্তরাষ্ট্র কী ধরনের পদক্ষেপ নেবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে ট্রাম্প সতর্ক করে বলেছিলেন, প্রয়োজন হলে মার্কিন সামরিক বাহিনী ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সেতু, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য স্থাপনায় হামলা চালাতে পারে, যা দেশটিকে কার্যত “পাথর যুগে” ফিরিয়ে দিতে সক্ষম হবে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকদের মতে, এমন ভাষা কূটনৈতিক চাপ বাড়ানোর কৌশল হতে পারে, তবে একই সঙ্গে সামরিক সংঘাতের ঝুঁকিও বাড়াচ্ছে। বিশেষ করে যুদ্ধবিরতি আলোচনার সময় এমন কঠোর অবস্থান পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলতে পারে।
পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক সম্প্রদায় সতর্ক অবস্থানে রয়েছে এবং সম্ভাব্য সংঘাত এড়াতে কূটনৈতিক উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হচ্ছে।
সূত্র: এএফপি।
