লোড হচ্ছে...
লোড হচ্ছে...

লেবাননে ভয়াবহ বিমান হামলা, নিহত ২৫৪

প্রকাশিত: 09 এপ্রিল 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতির মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে লেবাননজুড়ে ইসরাইলি বাহিনীর ব্যাপক বিমান হামলায় অন্তত ২৫৪ জন নিহত এবং ১ হাজার ১৬৫ জনের বেশি আহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) কোনো আগাম সতর্কতা ছাড়াই রাজধানী বৈরুতসহ ঘনবসতিপূর্ণ বাণিজ্যিক ও আবাসিক এলাকাগুলোতে ধারাবাহিক হামলা চালানো হয়।

লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, দেশজুড়ে ১০০টিরও বেশি বিমান হামলা হয়েছে। বিস্ফোরণে বৈরুতের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যায় এবং বহু এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন এই হামলাকে ‘বিপজ্জনক উস্কানি’ হিসেবে উল্লেখ করে বলেন, হতাহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

লেবাননের রেড ক্রস জানায়, অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স টানা উদ্ধার ও চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছে। দেশটির প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম অভিযোগ করেন, আন্তর্জাতিক আইন ও মানবিক নীতির তোয়াক্কা না করেই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

অন্যদিকে ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ দাবি করেছেন, হামলাগুলো হিজবুল্লাহর কমান্ড সেন্টার ও সামরিক অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত হয়েছে এবং এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় সমন্বিত অভিযান। তবে অধিকাংশ হামলা ঘনবসতিপূর্ণ এলাকায় হওয়ায় বেসামরিক হতাহতের সংখ্যা দ্রুত বেড়েছে।

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয় এবং সেখানে সামরিক অভিযান চলবে। যদিও মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান দাবি করেছিল, যুদ্ধবিরতির আওতায় লেবাননও থাকবে।

লেবাননে জাতিসংঘের বিশেষ সমন্বয়কারী জিনাইন হেনিস হামলার তীব্র নিন্দা জানিয়ে জাতিসংঘের ১৭০১ নম্বর প্রস্তাব অনুযায়ী অবিলম্বে যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। চলতি সংঘাতের নতুন পর্যায় শুরু হওয়ার পর থেকে দেশটিতে নিহতের সংখ্যা ১ হাজার ৫৩০ ছাড়িয়েছে এবং বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১২ লাখ মানুষ।

 

সূত্র: আল জাজিরা

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman