দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, বাণিজ্যিক জাহাজগুলো যদি প্রণালির ওমান অংশ ব্যবহার করে চলাচল করে, তাহলে তাদের ওপর হামলা চালানো হবে না।
তবে এই প্রস্তাবের সঙ্গে শর্তও জুড়ে দিয়েছে তেহরান। ইরানি সূত্রের মতে, ওয়াশিংটন যদি তাদের দাবি মেনে নিতে প্রস্তুত থাকে, তবেই এই ব্যবস্থা কার্যকর করা সম্ভব হবে।
১৬৭ কিলোমিটার দীর্ঘ এই প্রণালী পারস্য উপসাগর ও আরব সাগরকে যুক্ত করেছে। বৈশ্বিক জ্বালানি সরবরাহের প্রায় এক-চতুর্থাংশ এই পথ দিয়ে পরিবহন হওয়ায় এর কৌশলগত গুরুত্ব অত্যন্ত বেশি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য এর গুরুত্ব আরও বেশি, কারণ বাংলাদেশসহ এ অঞ্চলের বড় অংশের জ্বালানি আমদানি এই পথেই নির্ভরশীল।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাত শুরুর পর হরমুজ প্রণালিতে অবরোধ আরোপ করে ইরান। এর ফলে প্রতিদিন চলাচল করা ১২০ থেকে ১৪০টি জাহাজের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হয়েছে। বর্তমানে শত শত জাহাজ ও দুই হাজারের বেশি নাবিক সেখানে আটকা পড়ে আছে বলে আন্তর্জাতিক সংস্থাগুলোর তথ্য।
পরিস্থিতির প্রভাব ইতোমধ্যে বৈশ্বিক বাজারে পড়েছে। জ্বালানির দাম বেড়েছে এবং সরবরাহ সংকট তীব্র হয়েছে। এ অবস্থায় ৮ এপ্রিল ঘোষিত যুদ্ধবিরতির পর ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান বৈঠকেও হরমুজ ইস্যু ছিল আলোচনার কেন্দ্রে।
ইরানের এই প্রস্তাব আংশিক সমাধানের পথ খুলে দিলেও পুরো প্রণালি স্বাভাবিক করতে এখনও বড় ধরনের রাজনৈতিক ও সামরিক সমঝোতা প্রয়োজন।
সূত্র: রয়টার্স
