লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হাসনাত আবদুল্লাহ

প্রকাশিত: 16 এপ্রিল 2026

11 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

কুমিল্লা–সিলেট মহাসড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। নিয়মিত প্রাণহানির ঘটনায় উদ্বেগ জানিয়ে দ্রুত সড়কটি প্রশস্ত করার দাবি তুলে তিনি বলেছেন, “আমি এলাকায় মুখ দেখাতে পারি না, মানুষ আমাকে বেঁধে রাখবে।”

বুধবার সন্ধ্যায় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি জানান, ঠিক বক্তব্য দেওয়ার আগ মুহূর্তেই ওই সড়কে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তার দাবি, শুধু চলতি মাসেই এই মহাসড়কে অন্তত ২৩ জন প্রাণ হারিয়েছেন, যা পরিস্থিতির ভয়াবহতাকে স্পষ্ট করে।

সংসদ সদস্য বলেন, মাত্র ১৮ ফুট প্রশস্ত এই সড়কটি দেশের দুই গুরুত্বপূর্ণ বিভাগীয় শহর চট্টগ্রাম ও সিলেটকে সংযুক্ত করেছে। প্রতিদিন প্রায় ১০ লাখ মানুষ এই পথে যাতায়াত করলেও সড়কটির অবকাঠামোগত উন্নয়ন দীর্ঘদিন ধরে উপেক্ষিত রয়েছে। পরিকল্পনা অনুযায়ী সড়কটি ছয় লেনে উন্নীত হওয়ার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

তিনি আরও উল্লেখ করেন, সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে প্রশাসনিক জটিলতার কথা জানানো হয়। গত ১২ বছর ধরে কার্যকর কোনো উন্নয়ন কাজ না হওয়ায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে বলে তিনি অভিযোগ করেন।

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি সংসদের কার্যপ্রণালী অনুযায়ী নোটিশ আকারে উপস্থাপনের পরামর্শ দেন, যাতে সংশ্লিষ্ট মন্ত্রী আনুষ্ঠানিকভাবে জবাব দিতে পারেন।

দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কগুলোতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও প্রকল্প বিলম্ব এখন সরাসরি প্রাণহানির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কুমিল্লা–সিলেট সড়কের বিষয়টি অবকাঠামো উন্নয়ন ও প্রশাসনিক সমন্বয়ের ঘাটতির একটি স্পষ্ট উদাহরণ।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman