দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক । নাইমুর রহমান ইমন ।
রাজধানী ঢাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়ার ঝুঁকি নতুন করে উদ্বেগ তৈরি করছে। এর মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় খোলা ও পরিত্যক্ত সিমেন্টের ডাস্টবিনগুলো মশার প্রজননক্ষেত্রে পরিণত হওয়ায় জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, ফুটপাতের পাশে স্থাপিত বড় আকারের এসব পাত্রে দীর্ঘদিন ধরে বৃষ্টির পানি জমে রয়েছে। পলিথিন, প্লাস্টিক কাপ ও অন্যান্য বর্জ্যে পানি দূষিত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় এগুলো এখন ডেঙ্গু বহনকারী এডিস মশার জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে। একই সঙ্গে ম্যালেরিয়া ছড়ানোর ঝুঁকিও বাড়ছে।
চিকিৎসকদের মতে, একটি বড় হাসপাতালের আশপাশে এ ধরনের অব্যবস্থাপনা অত্যন্ত বিপজ্জনক। কারণ এখানে প্রতিদিন অসংখ্য রোগী, স্বজন ও সাধারণ মানুষ চলাচল করেন। আক্রান্ত রোগী থেকে মশার মাধ্যমে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না।
স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে এসব ডাস্টবিন পরিষ্কার বা রক্ষণাবেক্ষণের কোনো কার্যকর উদ্যোগ নেই। বর্ষা শুরু হতেই এগুলো কার্যত ‘মশার কারখানা’ হয়ে উঠেছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শুধু ওষুধ ছিটানো নয়, মশার উৎস ধ্বংস করাই সবচেয়ে কার্যকর সমাধান। এ ক্ষেত্রে ডাস্টবিনগুলোর নিচে ছিদ্র করা বা স্থায়ীভাবে ভরাট করে পানি জমা বন্ধ করার পরামর্শ দেওয়া হচ্ছে।
ডেঙ্গু নিয়ন্ত্রণে বড় প্রকল্পের পাশাপাশি ছোট ছোট অব্যবস্থাপনাই বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে হাসপাতাল এলাকাকে নিরাপদ রাখতে দ্রুত সমন্বিত উদ্যোগ জরুরি, না হলে পরিস্থিতি মহামারির দিকে যেতে পারে।
