লোড হচ্ছে...
লোড হচ্ছে...

ঈদের দিন সড়কে ঝরল ২২ প্রাণ

প্রকাশিত: 29 মে 2026

14 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

পবিত্র ঈদুল আজহার দিন দেশের অন্তত ১২ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও বহু মানুষ। অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং মোটরসাইকেল দুর্ঘটনাই বেশিরভাগ প্রাণহানির কারণ হিসেবে উঠে এসেছে।

সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গোপালগঞ্জে। বেদগ্রাম এলাকায় ঢাকাগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দিলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে একই পরিবারের তিন সদস্যসহ মোট ছয়জন নিহত হন। স্থানীয়দের অভিযোগ, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল।

দিনাজপুরে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃষ্টির মধ্যে দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে স্থানীয়রা।

নাটোর এর গুরুদাসপুর ও লালপুরে পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন। আহত হয়েছেন অন্তত ১৫ জন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পটুয়াখালীর গলাচিপায় মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। একই ঘটনায় আরও দুজন আহত হন।

টাঙ্গাইলে ঈদের দিন দুটি দুর্ঘটনায় প্রাণ হারান কলেজশিক্ষার্থী কানন আহমেদ ও দর্জি ব্যবসায়ী সফিকুল ইসলাম সফি। একটি ঘটনায় মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হন, অন্য ঘটনায় বাসের চাপায় মৃত্যু হয় এক পথচারীর।

ফরিদপুরে পদ্মা সেতু দেখতে গিয়ে প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই বন্ধু নিহত হয়েছেন।

চট্টগ্রামের কর্ণফুলীতে উল্টো পথে আসা একটি বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল।

এছাড়া গাইবান্ধা,নারায়ণগঞ্জ, নড়াইল ও মাদারীপুরে পৃথক দুর্ঘটনায় আরও চারজন নিহত হয়েছেন।

সড়ক নিরাপত্তা বিশ্লেষকেরা বলছেন, ঈদকেন্দ্রিক অতিরিক্ত যানবাহনের চাপ, দীর্ঘ যাত্রায় ক্লান্ত চালক এবং ট্রাফিক আইন অমান্যের কারণে প্রতি বছরই ঈদে দুর্ঘটনা বাড়ে। বিশেষ করে মহাসড়কে বেপরোয়া গতি নিয়ন্ত্রণে কার্যকর নজরদারির অভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman