লোড হচ্ছে...
লোড হচ্ছে...

সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজে’ ভয়াবহ আগুন, এক কর্মীর মৃত্যু

প্রকাশিত: 27 ডিসেম্বর 2025

54 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক |

কক্সবাজারের বাঁকখালী নদীতে সেন্টমার্টিনগামী পর্যটকবাহী জাহাজ ‘দ্যা আটলান্টিক ক্রুজ’-এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে নূর কামাল (২৫) নামে জাহাজের এক কর্মীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাতটার দিকে শহরের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন জানান, সকাল আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও বেলা এগারোটার পরও পুরোপুরি নির্বাপণ সম্ভব হয়নি। পরে জ্বলন্ত জাহাজ থেকে নূর কামালের মরদেহ উদ্ধার করা হয়। তিনি টেকনাফের দমদমিয়া বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা এবং মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ছমি উদ্দিন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।

জেলা প্রশাসক মো. আ. মান্নান জানান, জাহাজটি সেন্টমার্টিনের যাত্রী তোলার জন্য বিআইডব্লিউটিএ ঘাটে নোঙর করা অবস্থায় ছিল। নোঙর অবস্থায় হঠাৎ ধোঁয়া দেখা দিলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও দায় নির্ধারণে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। কমিটিতে ফায়ার সার্ভিস, নৌপরিবহন অধিদপ্তর, কোস্ট গার্ড ও বিআইডব্লিউটিএ প্রতিনিধিরা থাকবেন। একই সঙ্গে সেন্টমার্টিনগামী সব পর্যটকবাহী জাহাজের ফিটনেস পুনরায় পর্যালোচনা করা হবে।

এদিকে, সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, জাহাজটি সকালে ঘাটে পৌঁছানোর পর ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায় এবং অল্প সময়েই আগুন ছড়িয়ে পড়ে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman