লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

প্রকাশিত: 27 ডিসেম্বর 2025

59 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক |

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের সংলগ্ন কবরস্থানে তিনি উপস্থিত হন।

এর আগে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে গুলশানের বাসভবন থেকে কবর জিয়ারতের উদ্দেশে রওনা হন তারেক রহমান। কবর জিয়ারতের সময় তিনি শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন। পরে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

কবর জিয়ারতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক লুৎফর রহমানসহ বিভিন্ন শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এদিকে, শাহবাগ ও আশপাশের এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শহীদ শরিফ ওসমান হাদি গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মাথায় গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে তাঁকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।

শারীরিক অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। পরদিন তাঁর মরদেহ দেশে আনা হয়।

২০ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। মানিক মিয়া অ্যাভিনিউসহ সংসদ ভবনের আশপাশের এলাকা লাখো শোকার্ত মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman