লোড হচ্ছে...
লোড হচ্ছে...

অন্তর্বর্তী সরকার থাকাকালীনই হাদি হত্যার বিচার সম্পন্ন হবে: রিজওয়ানা হাসান

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

41 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালীনই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকারীদের বিচার সম্পন্ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে তিনি এই ঘোষণা দেন।

রিজওয়ানা হাসান বলেন, শহীদ হাদির পরিবার সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগে রয়েছে। হত্যাকাণ্ডে যারা সরাসরি বা পরোক্ষভাবে জড়িত, অন্তর্বর্তী সরকার থাকাকালীন সময়েই তাদের বিচার শেষ করা হবে। তিনি বলেন, “হাদির মৃত্যু ছিল অত্যন্ত হৃদয়বিদারক। আমি তাকে আমার ভাইয়ের মতো মনে করতাম। দেশের জন্য তার শহীদ হওয়া আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

তিনি আরও বলেন, যে মানুষের জানাজায় ১২ থেকে ১৫ লাখ মানুষ অংশ নিয়েছে, তার হত্যার বিচার নিশ্চিত করা শুধু সরকারের নয়, বরং পুরো জাতির দায়িত্ব। উপদেষ্টা জানান, সরকার শাহবাগে অবস্থান না নিলেও তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

তদন্ত প্রসঙ্গে তিনি বলেন, হত্যাকাণ্ডের পেছনে জড়িত সবাইকে চিহ্নিত করতে সরকার শত্রুপক্ষের মুখোমুখি দাঁড়িয়ে কাজ করছে। তদন্তের স্বার্থে এমন কোনো তথ্য প্রকাশ করা হচ্ছে না, যা অপরাধীদের সুবিধা দিতে পারে।

এদিকে, হাদি হত্যার বিচার দাবিতে রোববার দেশের আট বিভাগীয় শহরে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ডাক দিয়েছে ইনকিলাব মঞ্চ। শনিবার গভীর রাতে সংগঠনটির ফেসবুক পেজে জানানো হয়, ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন পর্যালোচনার পর দুপুর ২টা থেকে ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে এই কর্মসূচি পালিত হবে।

এর আগে শাহবাগে অবস্থান কর্মসূচি থেকেই ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের একই ঘোষণা দেন।

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman