লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চীন সফরের আমন্ত্রণ পেলেন তারেক রহমান

প্রকাশিত: 28 ডিসেম্বর 2025

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে চীনা কমিউনিস্ট পার্টি সিপিসি। কূটনৈতিক সূত্রে জানা গেছে, দলীয় পর্যায়ে রাজনৈতিক যোগাযোগ জোরদার করার অংশ হিসেবেই এই আমন্ত্রণ পাঠানো হয়েছে।

এর আগে গত ২২ জুন সিপিসির আমন্ত্রণে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল চীন সফর করে। সফরকালে বেইজিংয়ের গ্রেট হলে সিপিসির শীর্ষ নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন বিএনপি নেতারা।

বৈঠকে উপস্থিত ছিলেন চীনের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী সান ওয়েইডং, সিপিসির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এবং ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান লি হংঝং। আলোচনায় বাংলাদেশ ও চীনের রাজনৈতিক সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যৎ কূটনৈতিক যোগাযোগ নিয়ে মতবিনিময় হয় বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির সঙ্গে সম্পর্ক জোরদার করতে চীন নতুন করে গুরুত্ব দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে তারেক রহমানের সম্ভাব্য চীন সফর ভবিষ্যৎ কূটনীতি, অর্থনীতি ও আঞ্চলিক ভূরাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, চীন কেবল বিএনপির সঙ্গেই নয়, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখছে। আঞ্চলিক স্থিতিশীলতা, মিয়ানমার পরিস্থিতি ও দক্ষিণ এশিয়ার কৌশলগত বাস্তবতা বিবেচনায় রেখেই বেইজিং এই রাজনৈতিক সংযোগ বাড়াচ্ছে।

তারেক রহমানের চীন সফরের সময়সূচি ও আনুষ্ঠানিক ঘোষণা এখনো চূড়ান্ত হয়নি। তবে রাজনৈতিক অঙ্গনে এই আমন্ত্রণকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman