দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জাতীয় নাগরিক পার্টির এনসিপির অভ্যন্তরে নতুন করে অস্থিরতা তৈরি হয়েছে। দলের ঢাকা ৯ আসনের এমপি প্রার্থী ও সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা হঠাৎ করেই কোনো নির্দিষ্ট দল বা জোটের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেওয়ার পর এই পরিস্থিতির সূচনা হয়।
এরপর বাংলাদেশ জামায়াত ইসলামী ও আট দলীয় জোটের সঙ্গে সম্ভাব্য জোট ও আসন সমঝোতা নিয়ে আপত্তি জানিয়ে এনসিপির ৩০ জন নেতা দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে লিখিত চিঠি দেন। চিঠিতে জোট রাজনীতির দিকনির্দেশনা নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।
এই ঘটনার প্রেক্ষিতে শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু। তিনি লেখেন, জুলাই এমনি এমনি আসেনি। নাহিদ ইসলামের থাইয়ে রক্ত জমাট দাগ আমরা ভুলিনি। উই বিলিভ নাহিদ ইসলাম।
পোস্টের মন্তব্য অংশে তিনি আরও বলেন, যারা জুলাইয়ে ছিল না, যারা দেশের জন্য কখনো ঝুঁকি নেয়নি, যারা হাদি হত্যার বিচার চায় না কিংবা আবরার হত্যায় নীরব ছিল, তাদের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ তারা যারা দীর্ঘ সময় ধরে দেশের জন্য লড়াই করে যাচ্ছে।
এদিকে একই সময়ে ফেসবুকে অবস্থান জানান দলের আরও তিন শীর্ষ নেত্রী। সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন লিখেছেন, আমরা লড়াই ছাড়ব না, আল্লাহ সহায়। যুগ্ম সদস্যসচিব নুসরাত তাবাসসুম বলেন, নীতির চাইতে রাজনীতি বড় নয়, কমিটমেন্ট ইজ কমিটমেন্ট।
এই প্রকাশ্য বক্তব্য ও পাল্টা অবস্থান এনসিপির ভবিষ্যৎ রাজনৈতিক কৌশল ও জোট রাজনীতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে।
