দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
বগুড়ার শাজাহানপুর উপজেলার খলিশাকান্দি গ্রামে মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ভয়াবহ দৃশ্যের অবতারণা। ঘরের দরজা বন্ধ পেয়ে স্বজনরা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখেন, ২৪ বছর বয়সী গৃহবধূ সাদিয়া মোস্তারিম ফাঁসিতে ঝুলছেন, আর বিছানায় তার দুই শিশুসন্তান সাইফা (৪) ও সাইফ (১) এর গলাকাটা মরদেহ পড়ে আছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সাদিয়া স্বামী শাহাদত হোসেনের সঙ্গে পারিবারিক কলহে জর্জরিত ছিলেন। স্বামী বিদেশে থাকেন। সকালে ঘুম থেকে না ওঠায় প্রতিবেশীরা ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে এই মর্মান্তিক দৃশ্য দেখতে পান।
শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে মনে হচ্ছে মা নিজেই দুই শিশুকে গলা কেটে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। তবে এটি পরিকল্পিত না অন্য কোনো কারণে হয়েছে, তা তদন্ত করে নিশ্চিত হওয়া যাবে। তিন মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
স্থানীয় ইউপি সদস্য জানান, সাদিয়া মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। স্বামীর সঙ্গে ঝগড়া, অর্থনৈতিক চাপ ও একাকীত্ব তাকে চরম পথে ঠেলে দিয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রামে শোকের ছায়া নেমেছে। দুই নিষ্পাপ শিশুর এমন মৃত্যুতে এলাকাবাসী হতবাক।
