দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
ময়মনসিংহে পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাস হত্যার প্রতিবাদে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপি। মঙ্গলবারের এই কর্মসূচিতে কয়েক’শ বিক্ষোভকারী অংশ নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি পুলিশ কড়া নিরাপত্তা ব্যবস্থা নিলেও এক পর্যায়ে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হাইকমিশনের সামনে তিন স্তরের ব্যারিকেড বসানো হয়েছিল। তবে বিক্ষোভকারীদের একটি অংশ অন্তত দুটি ব্যারিকেড ভেঙে ফেলে। তারা ব্যানার প্ল্যাকার্ড হাতে স্লোগান দিতে দিতে কূটনৈতিক স্থাপনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করে। টাইমস অব ইন্ডিয়া ও দ্য হিন্দু জানায়, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। এক পুলিশ কর্মকর্তার ভাষ্য, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই নিরাপত্তা জোরদার করা হয়।
এদিকে আগের দিন সোমবার কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে এবং শিলিগুড়িতে ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ হয়। কলকাতায় এক দফা বিক্ষোভে বিজেপি ও পশ্চিমবঙ্গের বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে হিন্দু সনাতনীরা জড়ো হন। পুলিশ বাধা দিলে সেখানে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। শিলিগুড়িতে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা সংবলিত ফ্লেক্স ছিঁড়ে ফেলে এবং অগ্নিসংযোগ করে। এর পরিপ্রেক্ষিতে শিলিগুড়ি ও আগরতলায় ভিসা সেন্টার সাময়িকভাবে বন্ধ রাখা হয়। দিল্লিতেও হাইকমিশনের ফটকে ভিসা সেবা সাময়িক বন্ধের নোটিশ টানানো হয়।
এই পরিস্থিতিতে মঙ্গলবার সকালে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়। কূটনৈতিক সূত্র জানায়, বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
