লোড হচ্ছে...
লোড হচ্ছে...

শাহবাগে ইনকিলাব মঞ্চের শহীদি শপথ

প্রকাশিত: 23 ডিসেম্বর 2025

74 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

সংগঠনের নেতা শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং ৩০ কার্যদিবসের মধ্যে বিচারের দাবিতে ‘শহীদি শপথ’ গ্রহণ করেছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার বিকেলে ঢাকার শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সংগঠনটির নেতা কর্মীরা এই শপথ নেন।

ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের শপথবাক্য পাঠ করান। এ সময় উপস্থিত ছিলেন শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদি, সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ও ডাকসু নেত্রী ফাতিমা তাসনিম জুমা সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

শপথ পাঠ শেষে আবদুল্লাহ আল জাবের দুই দিনের কর্মসূচি ঘোষণা করেন। তিনি জানান, ২৪ ও ২৫ ডিসেম্বর শহীদ ওসমান হাদিকে নিয়ে দেয়াললিখন করা হবে এবং তাঁর সংগ্রাম ও রাজনৈতিক অবস্থান বিভিন্ন মাধ্যমে দেশ ও বিশ্বের মানুষের কাছে তুলে ধরা হবে। ২৬ ডিসেম্বরের কর্মসূচি পরে জানানো হবে।

জুলাই আন্দোলনে সক্রিয় ওসমান হাদি গত বছরের আগস্টে ইনকিলাব মঞ্চ গঠন করেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও ভারতের প্রভাববিরোধী অবস্থানের কারণে তিনি দ্রুত পরিচিত মুখ হয়ে ওঠেন। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসন থেকে প্রার্থী হওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন তিনি। ১২ ডিসেম্বর গণসংযোগে নামার সময় গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

গুরুতর আহত অবস্থায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হলেও গত বৃহস্পতিবার সেখানে তাঁর মৃত্যু হয়। শনিবার ঢাকায় জানাজা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাঁকে দাফন করা হয়।

শপথবাক্যে ইনকিলাব মঞ্চ জানায়, হত্যার বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন চলবে এবং ইনসাফভিত্তিক একটি সার্বভৌম ও জবাবদিহিমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত থাকবে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman