দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
যুদ্ধবিধ্বস্ত ইরানে জরুরি ওষুধ ও চিকিৎসাসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রাহিমি জাহানাবাদি-এর কাছে আনুষ্ঠানিকভাবে এই সহায়তা হস্তান্তর করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় এই মানবিক সহায়তা দেওয়া হয়েছে। সহায়তাসামগ্রী বাংলাদেশ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর মাধ্যমে পাঠানো হচ্ছে।
জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে আহত মানুষের চিকিৎসা সহায়তা নিশ্চিত করতে গত ৬ এপ্রিল রেড ক্রিসেন্ট সোসাইটিকে এক কোটি টাকা অনুদান দেওয়া হয়। এই অর্থ দিয়ে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে।
সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের সংঘাতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে দ্রুত শান্তিপূর্ণ সমাধানের আশাও ব্যক্ত করেন।
এ সময় ইরানের রাষ্ট্রদূত বাংলাদেশের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান এবং দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন। তিনি বলেন, এই সহায়তা ইরানের জনগণের প্রতি বাংলাদেশের সংহতি ও মানবিক অবস্থানের প্রতিফলন।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগ একদিকে মানবিক সহায়তা হিসেবে গুরুত্বপূর্ণ, অন্যদিকে মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানেরও প্রতিফলন।
