দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে দেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার ২৩ এপ্রিল সচিবালয়ে পরিবহণ মালিক ও শ্রমিকদের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রামসহ দূরপাল্লার এবং আন্তঃজেলা রুটে বাস ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়বে। এই নতুন ভাড়া তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে বলে জানানো হয়েছে।
তবে সিএনজিচালিত বাসের ক্ষেত্রে এই ভাড়া বৃদ্ধি প্রযোজ্য হবে না। মন্ত্রী জানান, শুধুমাত্র ডিজেলচালিত বাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর হবে। ভবিষ্যতে জ্বালানি তেলের দাম কমলে বাস ভাড়াও সমন্বয় করা হবে বলে আশ্বাস দেন তিনি।
বর্তমানে দূরপাল্লার রুটে বাস ভাড়া নির্ধারিত রয়েছে প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে ২ টাকা ৪২ পয়সা। নতুন সিদ্ধান্তের ফলে যাত্রীদের যাতায়াত ব্যয় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
সম্প্রতি জ্বালানি তেলের দামে বড় ধরনের বৃদ্ধি ঘটে। নতুন দরে ডিজেল লিটারপ্রতি ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। এর প্রভাব সরাসরি পরিবহন খাতে পড়ায় ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিল পরিবহন মালিক সমিতি।
বিশ্লেষকদের মতে, জ্বালানি দামের সঙ্গে সমন্বয় করে ভাড়া বাড়ানো হলেও এতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
