দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।
আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের লিগ পর্বে বাংলাদেশের চারটি ম্যাচই ছিল ভারতের ভেন্যুতে। তবে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় ভারতে দল পাঠাবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিচালনা পর্ষদের জরুরি সভায় সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করে ভারতে জাতীয় দলের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ সরকারের পরামর্শ এবং সার্বিক ঝুঁকি বিবেচনায় নিয়ে বর্তমান অবস্থায় ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ সিদ্ধান্তের পর আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানিয়েছে বিসিবি, যাতে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বাইরে অন্য কোনো ভেন্যুতে আয়োজন করা হয়। বোর্ড আশা করছে, খেলোয়াড় ও সংশ্লিষ্ট সবার নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে আইসিসি দ্রুত সিদ্ধান্ত নেবে।
বিশ্বকাপের আয়োজক দেশ হিসেবে শ্রীলঙ্কা বিকল্প ভেন্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখন আইসিসির হাতে।
