দ্য সিভিলিয়ানস | নিউজ ডেস্ক ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র যাছাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জামায়াতে ইসলামী। রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে অনেক যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে।
জামায়াতের নেতা বলেন, প্রক্রিয়ায় ভিন্ন জেলায় ভিন্নভাবে কঠোর নীতি প্রয়োগ করা হচ্ছে, এবং গুরুত্বপূর্ণ নয় এমন বিষয় দেখিয়ে প্রার্থিতা বাতিল করা হচ্ছে। তিনি সতর্ক করে বলেন, এভাবে চললে নির্বাচন অবাধ ও স্বচ্ছ হবে না।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন, তুচ্ছ কারণে বাতিল হওয়া প্রার্থীদের মনোনয়ন অবিলম্বে বৈধ ঘোষণা করতে হবে এবং সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করে নির্বাচন মাঠ সমতল করতে হবে।
