লোড হচ্ছে...
লোড হচ্ছে...

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান রশিদ লতিফের

প্রকাশিত: 22 জানুয়ারী 2026

33 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

২০২৬ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে না যাওয়ার বাংলাদেশের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে এবার সরব হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ। তাঁর মতে, বাংলাদেশ যদি নিরাপত্তার কারণে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানেরও উচিত একই অবস্থান নিয়ে টুর্নামেন্ট বয়কট করা। এতে বিশ্বকাপই বড় সংকটে পড়বে বলে মন্তব্য করেছেন তিনি।

নিরাপত্তা উদ্বেগের কথা জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের ভেন্যুতে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানায় এবং নিরপেক্ষ ভেন্যু হিসেবে শ্রীলঙ্কার প্রস্তাব দেয়। তবে আইসিসি সেই প্রস্তাব নাকচ করে ভারতে খেলতেই হবে বলে জানায়। এর পর বাংলাদেশ সরকারও জানায়, নিরাপত্তা বিষয়ে আইসিসি ও ভারত সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আশ্বাস না পাওয়ায় সিদ্ধান্তে অনড় রয়েছে বাংলাদেশ।

এই প্রেক্ষাপটে ইউটিউব শো ‘কট বিহাইন্ড’-এ রশিদ লতিফ বলেন, পাকিস্তান এখনই চাইলে ক্রিকেটের বর্তমান শক্তির ভারসাম্যকে চ্যালেঞ্জ করতে পারে। তাঁর ভাষায়, বাংলাদেশ প্রমাণ করেছে সীমিত শক্তি নিয়েও আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব। পাকিস্তান যদি এখন বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করে, তাহলে পুরো টুর্নামেন্টই প্রশ্নের মুখে পড়বে।

ভারত পাকিস্তান ম্যাচ না হলে বিশ্বকাপের আর্থিক ক্ষতির প্রসঙ্গ উঠলে লতিফ বলেন, বড় সিদ্ধান্ত নিতে গেলে অর্থনৈতিক সুবিধার চিন্তা ছাড়তে হয়। তিনি উদাহরণ হিসেবে দক্ষিণ আফ্রিকার দীর্ঘ নিষেধাজ্ঞার পরও ক্রিকেট টিকে থাকার বিষয়টি উল্লেখ করেন।

শুধু ইউটিউবেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও একই অবস্থান তুলে ধরেছেন লতিফ। সেখানে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ যেখানে নিরাপত্তার প্রশ্নে আইসিসিকে চ্যালেঞ্জ করার সাহস দেখিয়েছে, সেখানে পাকিস্তান ক্রিকেট বোর্ড কি একই ধরনের দৃঢ়তা দেখাতে পারবে না।

বিশ্লেষকদের মতে, এই মন্তব্য দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন চাপ তৈরি করতে পারে। বাংলাদেশের অবস্থান শুধু নিরাপত্তার প্রশ্ন নয়, বরং ভারতকেন্দ্রিক ক্রিকেট আধিপত্যের বিরুদ্ধেও একটি বার্তা হিসেবে দেখা হচ্ছে।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman