দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।
আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে পবিত্র রমজান শুরু হওয়ার সম্ভাবনা থাকায় এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। বিশেষ করে মাছ, মাংস ও ডিমের দামে ধীরে ধীরে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। তবে অন্য পণ্যের তুলনায় সবচেয়ে বেশি দাম বেড়েছে ব্রয়লার মুরগির।
শুক্রবার সকালে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল, ধানমন্ডি ও রায়ের বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮৫ থেকে ১৯০ টাকায়, যা এক সপ্তাহ আগেও ছিল ১৬৫ থেকে ১৭০ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। একই সঙ্গে সোনালি জাতের মুরগির দামও বেড়েছে। এখন এই মুরগি কিনতে কেজিতে গুনতে হচ্ছে ২৭০ থেকে ৩০০ টাকা।
গরুর মাংসের দামও কিছুটা বেড়েছে। বাজারে প্রতি কেজি গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, যা গত সপ্তাহে ছিল ৭৮০ টাকা। তবে ডিমের বাজার তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে। ফার্মের বাদামি রঙের ডিমের ডজন বিক্রি হচ্ছে ১১০ টাকায় এবং সাদা ডিম ১০০ টাকায় পাওয়া যাচ্ছে।
মাছের বাজারে তুলনামূলক ভিড় বেশি দেখা গেছে। পাঙাশ ও তেলাপিয়া ২০০ থেকে ২২০ টাকার মধ্যে বিক্রি হলেও দেশি মাছের দাম কিছুটা বেশি। রুই ৩০০ থেকে ৩৫০ টাকা, শিং ৩২০ থেকে ৪০০ টাকা এবং শোল মাছের কেজি ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। চিংড়ির দাম আকারভেদে ৫৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত।
রায়ের বাজারের মুরগি ব্যবসায়ী জামাল হোসেন বলেন, ব্রয়লার মুরগির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। এতে ক্রেতা কমে গেছে। ক্রেতা রফিকুল ইসলাম জানান, মুরগির দাম বেশি হওয়ায় তিনি মুরগি না কিনে মাছ কেনার সিদ্ধান্ত নিয়েছেন।
বিক্রেতারা বলছেন, রমজান সামনে রেখে বাজারে নজরদারি না বাড়লে আগামী দিনে দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।
