লোড হচ্ছে...
লোড হচ্ছে...

চাঁদাবাজি দ্বন্দ্বে মুছাব্বির হত্যা: ঢাকা মহানগর পুলিশ ডিএমপি

প্রকাশিত: 24 জানুয়ারী 2026

161 Views

The Civilians News

দ্য সিভিলিয়ানস । নিউজ ডেস্ক ।

ঢাকা, ২৪ জানুয়ারি ২০২৬ : রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আধিপত্য বিস্তার ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। শনিবার সকালে মিন্টু রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়েন্দা পুলিশের প্রধান ও ডিএমপির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি বলেন, কারওয়ান বাজার এলাকায় প্রকাশ্যে ও গোপনে চাঁদা আদায়ের সঙ্গে জড়িত আট থেকে নয়টি সিন্ডিকেট সক্রিয় রয়েছে। চাঁদার টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে দিলীপ ওরফে বিনাসের নির্দেশে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে প্রাথমিকভাবে তদন্তে উঠে এসেছে। এসব সিন্ডিকেট ভেঙে দিতে ডিবি কাজ করছে এবং শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে।

ডিবি প্রধান জানান, স্বেচ্ছাসেবক দল ঢাকা উত্তর সিটি ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বিরকে গত ৭ জানুয়ারি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের পাশের একটি গলিতে গুলি করে হত্যা করা হয়। পরদিন তার স্ত্রী তেজগাঁও থানায় চার থেকে পাঁচজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

তদন্তের ধারাবাহিকতায় শুক্রবার নরসিংদীর মাধবদী এলাকা থেকে হত্যাকাণ্ডে জড়িত অন্যতম শ্যুটার মো. রহিমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও ১২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।

শফিকুল ইসলাম বলেন, কারওয়ান বাজার একটি বড় ব্যবসা ও কাঁচাবাজার এলাকা। সেখানে দখল বাণিজ্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে। তিনি আরও বলেন, চাঁদাবাজদের কোনো রাজনৈতিক পরিচয় নেই। তারা বিভিন্ন নামে সংগঠিত হয়ে চাঁদা তোলে।

হত্যাকাণ্ডের পেছনে থাকা দিলীপ ওরফে বিনাস সম্পর্কে তিনি বলেন, তিনি আন্ডারওয়ার্ল্ডের একজন সন্ত্রাসী এবং বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন। প্রাথমিক তদন্তে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া এক আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন।

এ ঘটনায় এরই মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ডিবি প্রধান।

 

আরও পড়ুন

Editor & Publisher : Khondaker Azizur Rahman